রুয়েটের শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে গাঁজা সেবনকালে ৪ শিক্ষার্থী আটক

রুয়েটের শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে গাঁজা সেবনকালে ৪ শিক্ষার্থী আটক
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে তল্লাশি চালিয়ে গাঁজা খাওয়ার সময় হাতেনাতে চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৮ জুন) রাত প্রায় ১০টার দিকে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

 

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি নির্দিষ্ট রুমে এই অভিযান চালানো হয়। সেখানে চারজন শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় ধরে ফেলা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজার মতো মাদকসামগ্রী জব্দ করা হয়েছে বলেও জানা গেছে।

 

উক্ত অভিযানে অংশ নেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক।

 

বিষয়টি নিশ্চিত করে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী জানান, “ক্যাম্পাসে মাদক কিংবা যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন সব সময়ই জিরো টলারেন্স নীতি বজায় রাখে। আটককৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত ও দাপ্তরিক কাজ শেষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যাপারে প্রশাসন কোনো ছাড় দেবে না।”

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখে দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ক্যাম্পাসে মাদকমুক্ত ও শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখতে আগামী দিনগুলোতেও এমন অভিযান চালানো হবে।


সম্পর্কিত নিউজ