{{ news.section.title }}
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ, ফুলেল শুভেচ্ছা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন। সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ে প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দি নবাগত উপাচার্য ড. মো. তোজাম্মেল হোসেনকে ফুল ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন এবং দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ এবং মুক্তিযোদ্ধা আহম্মদ আলী কলেজের অধ্যক্ষ শাহী উদ্দীন মিল্টনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শুভানুধ্যায়ীরা।
গত ৭ জুন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেনকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন দীর্ঘদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনায় নিযুক্ত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবন ও শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিক, গবেষণা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির নতুন প্রশাসনিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো।
উল্লেখ্য, যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে অথবা বয়সসীমা পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।