বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী করার দাবি নেত্রকোনাবাসীর

বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী করার দাবি নেত্রকোনাবাসীর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পাওয়ার মধ্য দিয়ে তিনি আবারও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। এর আগেও তিনি একাধিকবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর। স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের মতে, দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এবার নির্বাচনে বিজয়ের পর নেত্রকোনাবাসী ও বিএনপির স্থানীয় নেতারা দাবি জানিয়েছেন, তাকে পূর্ণ মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। তাদের মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাবরের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বলেন, লুৎফুজ্জামান বাবর একজন নীতিবান ও সৎ রাজনীতিবিদ। তিনি অতীতে দক্ষতার সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করার দাবি জানান তিনি। এতে জনগণ আরও নিরাপদ বোধ করবে বলেও মন্তব্য করেন।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। ফলে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে বাবর বিজয়ী হন।


সম্পর্কিত নিউজ