পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন খলিলুর রহমান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব  পেতে যাচ্ছেন খলিলুর রহমান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন ড. খলিলুর রহমান। তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. খলিলুর রহমানের শিক্ষাজীবন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ১৯৭৭ সালে স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দিয়ে কূটনৈতিক জীবনের সূচনা করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে আইন ও কূটনীতিতে এমএ ডিগ্রি এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কূটনৈতিক জীবনের শুরুতে ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে কাজ করেন এবং একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ১৯৮৫ সালে তাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পদায়ন করা হয়।

১৯৯১ সালে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড)-এ বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং জেনেভায় জাতিসংঘ সচিবালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা, আন্তর্জাতিক সংস্থায় কাজের দক্ষতা এবং নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তার নাম বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সম্পর্কিত নিউজ