{{ news.section.title }}
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪৫টি সরকারি গাড়ি
নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য মোট ৪৫টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদার ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলের মাধ্যমে এসব যানবাহন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে গাড়িগুলো ধীরে ধীরে সচিবালয়ে প্রবেশ করতে শুরু করে। নতুন মন্ত্রিসভা ভবনের নিচে ও সামনের অংশে এসব গাড়ি সারিবদ্ধভাবে রাখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবহন পুলে মোট ৬৮টি গাড়ি থাকলেও আপাতত ৪৫টি গাড়ি সচিবালয়ে প্রস্তুত রাখা হয়েছে। তবে সব গাড়ির প্রয়োজন নাও হতে পারে - চার থেকে পাঁচটি গাড়ি অতিরিক্ত রাখা হয়েছে, যাতে কোনো যানবাহনে ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা নেওয়া যায়।
গাড়িগুলোর মধ্যে বেশিরভাগই টয়োটা ক্যামরি মডেলের, পাশাপাশি কয়েকটি মিটসুবিশি ল্যান্সারও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে একজন লিঁয়াজো অফিসার ও চালকসহ গাড়ি সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রীর বাসভবনে পাঠানো হবে। শপথ গ্রহণের আগে থেকেই মন্ত্রিসভা সদস্যদের আনুষ্ঠানিক যাতায়াতের প্রস্তুতি হিসেবে এসব গাড়ি রাখা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানকে ঘিরে সচিবিক কার্যক্রম ও প্রশাসনিক প্রস্তুতি সমন্বয় করছে মন্ত্রিপরিষদ বিভাগ, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলিয়ে ৮টি আসনে জয়ী হয়েছে।