{{ news.section.title }}
ভোটের দিন ভোগান্তি এড়াতে জানুন আপনার ভোটকেন্দ্র
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক ভোটার ভোট দিতে প্রস্তুতি নিচ্ছেন। তবে তাঁদের একটি বড় অংশ এখনও নিশ্চিত নন, তাঁদের ভোটকেন্দ্র কোথায়?নির্বাচনের দিন ভোট দিতে যেন কোনো জটিলতা না হয়
সে লক্ষ্যে ভোটারদের জন্য বিশেষ তথ্যব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ভাষ্য অনুযায়ী, চারটি সহজ পদ্ধতি ব্যবহার করে ভোটাররা ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করতে পারবেন।
পদ্ধতি–১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ব্যবহার করে সহজেই নিজেদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
ইনস্টল শেষে অ্যাপের ড্যাশবোর্ডে প্রবেশ করে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ‘ভোটকেন্দ্র অনুসন্ধান’ অপশনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ প্রদান করে সার্চ করতে হবে।
সফল অনুসন্ধানের পর পর্দায় ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের নাম এবং ঠিকানা দেখা যাবে।
পদ্ধতি–২: হটলাইন সেবা
ভোটাররা সরাসরি হটলাইন সেবার মাধ্যমে নিজেদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য দেশের যেকোনো স্থান থেকে ১০৫ নম্বরে কল করতে হবে। কল সংযোগের পর অপারেটরের সহায়তা পেতে ৯ চাপতে হবে।
তথ্য যাচাইয়ের জন্য ভোটারকে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ জানাতে হবে। তাই কল দেওয়ার আগে এসব তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই হটলাইন সেবা পাওয়া যাবে।
পদ্ধতি–৩: এসএমএসের মাধ্যমে
মোবাইল ফোনের খুদে বার্তা বা এসএমএসের সেবার সাহায্যেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা সম্ভব। এজন্য মেসেজ অপশনে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।
বার্তাটি পাঠানোর পর ফিরতি এসএমএসে সংশ্লিষ্ট ভোটারের ভোটার নম্বর ও ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।
পদ্ধতি–৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ভোটাররা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও নিজেদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটারের যেকোনো ইন্টারনেট ব্রাউজার থেকে কমিশনের ওয়েবসাইটে ((https://ecs.gov.bd/)) প্রবেশ করতে হবে।
ওয়েবসাইটে ঢোকার পর ‘ভোটকেন্দ্র’ শিরোনামের মেনুতে ক্লিক করলে কেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। এখানে দুইভাবে তথ্য যাচাইয়ের সুযোগ রয়েছে। এক পদ্ধতিতে নির্বাচনী এলাকা অথবা উপজেলা ও থানাভিত্তিক কেন্দ্রের তালিকা দেখা যাবে। অন্য পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ প্রদান করলে সংশ্লিষ্ট ভোটারের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য জানা যাবে।
এ ছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান দেখার সুবিধাও রয়েছে। এতে কেন্দ্রের দূরত্ব, যাতায়াতের পথসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যাবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হবে।
ecs.gov.bd