নির্বাচনে নিরাপত্তা জোরদারে পটুয়াখালীতে বিজিবি মোতায়েন

নির্বাচনে নিরাপত্তা জোরদারে পটুয়াখালীতে বিজিবি মোতায়েন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায় টহল, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকায় এক প্রেস কনফারেন্সে নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান।

তিনি জানান, "অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন কোনো ধরনের বাধা বা ভীতি ছাড়া ভোট দিতে পারেন" , সে লক্ষ্যেই বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে বলে তিনি জানান।প্রেস কনফারেন্সে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. শফিয়ার রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনার আলোকে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত সাতটি উপজেলায় মোট সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথ এবং ভোটকেন্দ্রের আশপাশে নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তবর্তী ও বিশেষ গুরুত্বসম্পন্ন উপজেলাগুলোতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে। 

অন্য এলাকাগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, কোস্ট গার্ড, র‍্যাব ও আনসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে বিজিবি আরও জানায়, তফসিল ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভৌগোলিক অবস্থান ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। 

একই সঙ্গে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও সহিংসতা প্রতিরোধে বিশেষ নজরদারি ও তল্লাশি অব্যাহত রয়েছে। প্রেস কনফারেন্স শেষে বিজিবি অধিনায়ক নির্বাচনকে ঘিরে স্থাপিত বিভিন্ন চেকপোস্ট ও চলমান তল্লাশি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।


সম্পর্কিত নিউজ