{{ news.section.title }}
ভোটকেন্দ্রে মোবাইল বহন নিষিদ্ধ নির্দেশনা দিল ইসি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশনা অনুযায়ী, ভোট গ্রহণের দিন কোনো ভোটার মোবাইল ফোনসহ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না। তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট কেন্দ্রের পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপি সদস্যদের মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের সার্বিক নিরাপত্তা জোরদারে সারা দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক বৈঠকে এসব ক্যামেরার কার্যক্রমের সরাসরি প্রদর্শনীও দেখানো হয়।
এ ছাড়া পুরোপুরি চালু করা হয়েছে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ, যা কেবল নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবহার করতে পারবেন। কোনো ভোটকেন্দ্র বা তার আশপাশে সহিংসতা কিংবা গোলযোগের ঘটনা ঘটলে এই অ্যাপের মাধ্যমে দ্রুত সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে তথ্য পৌঁছে যাবে। এতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে আশা করছে ইসি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
সারা দেশে চূড়ান্তভাবে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে।