সারা দেশে ভোট উৎসব গোপালগঞ্জে ব্যতিক্রম চিত্র

সারা দেশে ভোট উৎসব গোপালগঞ্জে ব্যতিক্রম চিত্র
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

সারাদেশে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে গোপালগঞ্জের ভোটকেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বেশিরভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুবই কম, কোথাও কোথাও প্রায় শূন্যের কাছাকাছি।

অনেক কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের প্রতিনিধিও চোখে পড়েনি। গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া উপজেলার ডিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাতটার দিকে গিয়ে দেখা যায়, প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সময়মতো উপস্থিত ছিলেন। তবে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে কম। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৪০ জন, যার মধ্যে নারী ভোটার ১ হাজার ২৪০ জন।

গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার প্রায় তিন লাখ। আর জেলার তিনটি আসন - গোপালগঞ্জ-১, ২ ও ৩ - মিলিয়ে ভোটার সংখ্যা প্রায় ১০ লাখ। গোপালগঞ্জ দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে এই আসন থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতেন এবং আওয়ামী লীগ ধারাবাহিকভাবে বিজয়ী হয়ে এসেছে।

তবে চলতি নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি প্রতিদ্বন্দ্বিতায় নেই। স্থানীয়দের ধারণা, এ কারণেই ভোটারদের মধ্যে ভোট নিয়ে আগ্রহ কম দেখা যাচ্ছে। এলাকাজুড়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট বর্জনের আহ্বান নিয়ে আলোচনা থাকলেও দলটির নেতারা প্রকাশ্যে কোনো কর্মসূচি দেননি। অনেক নেতার বিরুদ্ধে মামলা থাকায় তারা প্রকাশ্যে সক্রিয় নন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে প্রার্থীদের এজেন্টদের আশা, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে এবং শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি প্রায় ৫০ শতাংশে পৌঁছাতে পারে।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্র ও আশপাশ এলাকায় নিয়মিত টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

 


সম্পর্কিত নিউজ