জেন-জিদের জন্য বিশেষ বার্তা দিলেন নাহিদ ইসলাম

জেন-জিদের জন্য বিশেষ বার্তা দিলেন নাহিদ ইসলাম
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম তরুণ ভোটারদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, তরুণ প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশের নির্মাতা এবং যারা ভোটার হয়েছেন, তাদের অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করা উচিত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছর পর জনগণ আবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, যা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। তাঁর মতে, এই নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নয়, বরং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার একটি সুযোগ। তিনি ভোটারদের দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোট উৎসবে অংশগ্রহণই জনগণের সবচেয়ে বড় শক্তি এবং শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণই পরিবর্তনের পথ খুলে দেয়।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পক্ষে এবং একটি নতুন বাংলাদেশের পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ন্যায়বিচার, মর্যাদা ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। যারা ভোটার নন, তাদেরও গণতন্ত্রের এই প্রক্রিয়া প্রত্যক্ষ করার পাশাপাশি পরিবার ও স্বজনদের ভোট দিতে উৎসাহিত করার অনুরোধ করেন।

ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব সবার বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, কোনো অনিয়মের চেষ্টা হলে আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে হবে। তিনি প্রশাসনের নিরপেক্ষতা প্রত্যাশা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে গণমাধ্যমের কাছে সত্য তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শাপলা কলি ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায় এবং জনগণ যেন রাষ্ট্রের মালিকানা নিজেদের হাতে নেয়। তাঁর ভাষায়, আজকের ভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত নিউজ