দীর্ঘ ১৭ বছর পর ভোটে নারীদের ব্যাপক উপস্থিতি

দীর্ঘ ১৭ বছর পর ভোটে নারীদের ব্যাপক উপস্থিতি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

দীর্ঘ এক যুগের বেশি সময় পর রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে, আর এবারের নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে নারীদের অংশগ্রহণ বিশেষভাবে চোখে পড়ছে।

আগের অনেক নির্বাচনে সহিংসতার আশঙ্কা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে ভোটকেন্দ্রে যেতে অনীহা দেখা যেত সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নারী ভোটারদের ক্ষেত্রে। অনেক জায়গায় নারীবান্ধব পরিবেশ না থাকায় তারা নাগরিক অধিকার প্রয়োগে দ্বিধায় থাকতেন। তবে এবার পরিস্থিতি বেশ ভিন্ন। বিভিন্ন এলাকায় ভোটকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভোটকেন্দ্রগুলোতেও - অনেক কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

বরিশালের একটি ভোটকেন্দ্রে সকালে দেখা যায়, ভোটাররা শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেন্দ্রের ভেতরে প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যালট বাক্স সিলগালা, নথিপত্র যাচাই ও অন্যান্য আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করছেন। জাতীয় পরিচয়পত্র যাচাই শেষে ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

রাঙ্গামাটিতেও সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খানম রিতা সদর উপজেলার গিলন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিয়েছেন। একইভাবে মানিকগঞ্জ-১ ও মানিকগঞ্জ-২ আসনে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার তিনটি আসনেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত নিউজ