ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে

ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোট শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

ভোটের শুরুতেই অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। ভোরে ফজরের নামাজ শেষে অনেকেই কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি আরও বাড়ছে।

রাজধানীর মণিপুর স্কুল কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেন তরুণ ভোটার আরাফাত মোল্লা আবির। তিনি জানান, কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং তিনি কোনো ধরনের বাধা ছাড়াই ভোট দিতে পেরেছেন।

কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ভোটারদের কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশি করা হচ্ছে এবং কেন্দ্রের আশপাশে নিয়মিত টহল চলছে।

এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেক ভোটার জানিয়েছেন, তারা নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তুষ্ট।

ভোটকেন্দ্রগুলোতে পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিবি ও সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিও রয়েছে। কিছু কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যদের বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।


সম্পর্কিত নিউজ