ভোটকেন্দ্রে ভোট দিলেন মুফতি ফয়জুল করিম

ভোটকেন্দ্রে ভোট দিলেন মুফতি ফয়জুল করিম
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

বরিশাল নগরীর রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুফতি ফয়জুল করিম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমে কথা বলেন।

ভোট শেষে তিনি জানান, আপাতত ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলছে। তবে ভোটে কারচুপির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তিনি। এ বিষয়ে সাংবাদিক, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ফয়জুল করিম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হওয়াই তাদের প্রত্যাশা। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই ফলাফল মেনে নেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি তিনি ভোটারদের নিজ দলের প্রতীক হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

বরিশাল বিভাগের ১০টি উপজেলায় বিস্তৃত ৬টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৬ জন প্রার্থী। এসব আসনে ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয়েছে ৮৩৩টি ভোটকেন্দ্র। এর মধ্যে ২৫৫টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ এবং ২৩৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৩৪২টি কেন্দ্র সাধারণ হিসেবে তালিকাভুক্ত।

নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় দেড় হাজার সেনাসদস্য, ২ হাজার ৬৬৭ জন পুলিশ, ১৪ প্লাটুন বিজিবি, একটি নৌযানসহ নৌবাহিনীর ৬০ সদস্য, পাঁচটি ইউনিটে ১৫০ জন কোস্টগার্ড এবং ১০ হাজারের বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

বরিশালের ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২৬ হাজার ৭৩৮ জন এবং পুরুষ ভোটার ১১ লাখ ৫৮ হাজার ২২০ জন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২০ জন।


সম্পর্কিত নিউজ