{{ news.section.title }}
শেরপুর-১ আসনে ভোটকেন্দ্রে ঢুকে ৩টি ব্যালট বই ছিনতাই
আজ সারা দেশে এক যুগে অনুষ্টিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট । ভোট চলাকালে শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ঢুকে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ছিনতাই হওয়া বইগুলোর মধ্যে একটি উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুটি এখনো নিখোঁজ রয়েছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে চলছিল। কিন্তু সকাল ১০টার কিছু সময় আগে কয়েকজন বহিরাগত ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা দুটি ভোটকক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের দুটি এবং গণভোটের একটি মোট তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে ধাওয়া করে জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। তবে একটি গণভোটের ব্যালট বই এবং সংসদ নির্বাচনের অন্য একটি ব্যালট বই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।ঘটনার পরপরই প্রিসাইডিং অফিসার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। বর্তমানে ওই কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং নিখোঁজ ব্যালট বইগুলো উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার কারণে ভোটগ্রহণে সাময়িক বিঘ্ন ঘটলেও পরে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনি কাজে বিঘ্ন সৃষ্টিকারী ও ব্যালট ছিনতাইয়ের সাথে জড়িত দোষীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।শেরপুর জেলায় মোট তিনটি সংসদীয় আসনের মধ্যে প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত থাকলেও শেরপুর-১ ও শেরপুর-২ আসনে সকাল থেকেই ভোটগ্রহণ চলছে।
শেরপুর-১ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। সদর উপজেলার ১৪৫টি কেন্দ্রের মধ্যে এই নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি অন্যতম। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ আসনে ২৪টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি কেন্দ্রে মানুষের ভিড় বাড়ছে। ছিনতাইয়ের এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার অন্যান্য স্থানে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে টহল জোরদার করেছে সেনাবাহিনী ও বিজিবি। আসামীদের ধরতে আইন শৃংখলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।