নিরাপত্তা কার্যক্রমে হতাশার কথা জানালেন: আসিফ মাহমুদ

নিরাপত্তা কার্যক্রমে হতাশার কথা জানালেন: আসিফ মাহমুদ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তারা গভীরভাবে হতাশ।

তিনি অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে তাদের প্রার্থীর পোলিং এজেন্টদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের দ্রুত সাড়া না পাওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কোনো নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় এবং সবাই নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে - এই নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

তিনি আরও বলেন, গত রাতের কিছু আতঙ্কের পরও সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। যদিও সকালে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম ছিল, তবে সামগ্রিকভাবে নির্বাচন শান্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলেও জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, তিনি আগের দুটি নির্বাচনে ভোটার হিসেবে তালিকাভুক্ত থাকলেও ভোট দিতে পারেননি। এবারই প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, যা তার মতে চার কোটি তরুণ ভোটারের জন্য একটি নতুন অভিজ্ঞতা। তিনি আশা প্রকাশ করেন, সারা দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সব রাজনৈতিক দল প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও বিএনপির শীর্ষ নেতারা ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও মাঠপর্যায়ে ভিন্ন অবস্থান নিয়েছে। এটিকে তিনি রাজনৈতিক দ্বিচারিতা বলে উল্লেখ করেন এবং বলেন, এতে তাদের দলে শৃঙ্খলার অভাব স্পষ্ট হয়েছে। তিনি দাবি করেন, এমন বিচ্ছিন্ন প্রচেষ্টায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।


সম্পর্কিত নিউজ