বরগুনায় ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

বরগুনায় ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভিড়
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুই সংসদীয় আসনের ৩১২টি ভোটকেন্দ্রে সকাল থেকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেন্দ্রগুলোতে প্রাণবন্ত ও উৎসবের আমেজ তৈরি করেছে।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই ভোটাররা সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করে ভোটাধিকার প্রয়োগ করছেন। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। অনেকেই পরিবারসহ কেন্দ্রে এসেছেন। প্রথমবার ভোট দিতে আসা তরুণ ভোটারদের মধ্যেও লক্ষ্য করা গেছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বরগুনার দুই সংসদীয় আসনে মোট ভোটার ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৭ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৪ লাখ ৩০ হাজার ১২৬ জন। নারী ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনের চিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন ৩১২টি কেন্দ্রের মধ্যে ১৬৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনের নিরাপত্তায় মাঠে কাজ করছেন মোট ৬ হাজার ৩৯২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসার মিলিয়ে ১৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি র‌্যাব, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের মোবাইল টহল দল সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

নির্বাচনী আচরণবিধি কার্যকর ও আইন প্রয়োগে দায়িত্ব পালন করছেন ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সার্বিকভাবে বরগুনায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।


সম্পর্কিত নিউজ