বাংলাদেশ ও ঠাকুরগাঁওবাসীকে যে চিঠি লিখলেন মির্জা ফখরুল

বাংলাদেশ ও ঠাকুরগাঁওবাসীকে যে চিঠি লিখলেন মির্জা ফখরুল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বহুল কাঙ্ক্ষিত ভোটের দিন।আর কয়েকঘন্টা পরেই শেষ হবে ভোট প্রদান। তারপর গণনা এবং ঐতিহাসিক ফল ঘোষণা। ভোট দিয়ে এসে আজ বাংলাদেশের উদ্দেশ্য চিঠি লিখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো চিঠিটে তুলে ধরা হলো:

প্রিয় বাংলাদেশ, আজকের এই দিনটি কেবল একটি নির্বাচনের দিন নয়- এটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গঠনের জন্য জাতির এক ঐতিহাসিক শপথের মুহূর্ত। আপনার প্রতিটি ভোট আমাদের দীর্ঘ ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন নিশ্চিত করবে। নাগরিক হিসেবে আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন, রাষ্ট্রের ওপর আপনার মালিকানা সুদৃঢ় করুন। মনে রাখবেন- আজ আপনার একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে আগামী দিনের ইতিহাস। আমাদের প্রিয় তরুণদের উদ্দেশে বলছি- দেশ গড়ার এই মাহেন্দ্রক্ষণে নীরব থাকার কোনো সুযোগ নেই। একটি নিরাপদ, আধুনিক ও স্বপ্নময় বাংলাদেশের চাবিকাঠি আজ তোমাদের হাতেই। তোমাদের সাহস, বিবেক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে জাতিকে উপহার দিতে একটি স্থিতিশীল, সম্ভাবনাময় ও সমৃদ্ধ ভবিষ্যৎ। এসো, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হই আমরা নিজেরাই।

প্রিয় ঠাকুরগাঁওবাসী, আজ আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি- শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর মনোভাব নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের একটি ভোটই পারে ঠাকুরগাঁওয়ের ভবিষ্যৎ ও বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে। আমি আপনাদের কাছে দৃঢ় অঙ্গীকার করছি- আপনাদের পবিত্র আমানত, অর্থাৎ ভোটের মর্যাদা রক্ষা করতে এবং ঠাকুরগাঁওয়ের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে আমি আমার জ্ঞান, মেধা ও শ্রমের সর্বোচ্চটুকু নিঃস্বার্থভাবে উৎসর্গ করব, ইনশাআল্লাহ। আপনাদের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব গ্রহণ করলে সমধিকারের ভিত্তিতে ধর্ম, দল, মত নির্বিশেষে সকল বাংলাদেশীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো। বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ। মনে রাখবেন- সবার আগে বাংলাদেশ। 

আপনাদের, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সম্পর্কিত নিউজ