অর্থ বিতরণ অভিযোগে বিএনপি নেতা আটক

অর্থ বিতরণ অভিযোগে  বিএনপি নেতা আটক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১-৯ ওয়ার্ড) আসনে ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের আশপাশে অর্থ বিতরণের অভিযোগে বিএনপি এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গঙ্গাচড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান রিপন। তিনি বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ভোটার মাহমুদুল হক জানান, ভোটকেন্দ্রে ভেতরে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা ছিল না। তবে বাইরে কয়েকজনকে টাকা দিতে দেখা যায়। সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়নি।

এ বিষয়ে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বেতগাড়ী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হক বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে। কেন্দ্রের অভ্যন্তরে ভোটগ্রহণ সুষ্ঠ  ও শান্তিপূর্ণভাবে চলছে। কেন্দ্রের বাইরের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

গঙ্গাচড়ার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আব্দুর মালেক বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে একজনকে অর্থ বিতরণের সময় আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার জানান, আটক হওয়া ব্যক্তির বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তাঁকে দেওয়া হয়নি। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং কোনো ধরনের অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত নিউজ