কোন মন্ত্রণালয় পেয়েছেন নুর? জানালেন রাশেদ

কোন মন্ত্রণালয় পেয়েছেন নুর?  জানালেন রাশেদ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, যিনি পরবর্তীতে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন লেখেন, নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি স্বস্তি অনুভব করছেন এবং এটিকে নিজের রাজনৈতিক মিশনের একটি বড় অর্জন হিসেবে দেখছেন।

তিনি লেখেন, নুরুল হক নুরের প্রতিমন্ত্রী হওয়ার পেছনে এ কে এম ওয়াহিদুজ্জামানের বিশেষ ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টা রয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গণঅধিকার পরিষদকে বিএনপির সঙ্গে জোটে রাখার জন্য তিনি দীর্ঘদিন চেষ্টা চালিয়ে গেছেন এবং ওয়াহিদুজ্জামানের সাহস ও অনুপ্রেরণায় সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে দলের ভেতরে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছিল। একটি সংঘবদ্ধ চক্র তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে কাজ করেছিল বলেও দাবি করেন তিনি। সেই চাপ ও নির্যাতনের কারণে তিনি শেষ পর্যন্ত দলীয় পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, একই সময়ে নুরুল হক নুরকে জামায়াতে ইসলামীর জোটে নেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তাকেও মানসিকভাবে চাপ দেওয়া হয়। তবে এসব ষড়যন্ত্র উপেক্ষা করে নুরুল হক নুর তার প্রতি আস্থা রেখেছেন এবং পাশে থেকেছেন বলে মন্তব্য করেন তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে রাশেদ খাঁন লেখেন, সংসদ সদস্য হতে না পারায় তার কোনো আফসোস নেই। বরং সহযোদ্ধা নুরুল হক নুর প্রতিমন্ত্রী হতে পারায় তিনি গর্বিত ও আনন্দিত। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নুরুল হক নুরকে সম্মানিত করার জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন।


সম্পর্কিত নিউজ