{{ news.section.title }}
সংসদের প্রথম অধিবেশন কবে জানাল সরকার
নির্বাচন শেষ হওয়ার আজ সপ্তাহখানেক পেরিয়েছে। শপথগ্রহণ হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, হয়েছে মন্ত্রীসভা। দায়িত্ব গ্রহণ করেছে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানান উৎকন্ঠা শেষে এখন অনেকের মনে একটাই প্রশ্ন কবে বসবে সংসদের প্রথম অধিবেশন। চলতি মাসেই বসতে চলেছে নতুন সরকারের অধীনে অধিবেশন। সংসদ সচিবালয়ের দেওয়া তথ্য থেকে এমনটাই জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর বিষয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। অধিবেশনটি ডাকবেন রাষ্ট্রপতি, তবে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। প্রথম বৈঠকের তারিখ ও সময় নির্ধারণ রাষ্ট্রপতির আদেশেই হয়। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৪ মার্চের মধ্যেই প্রথম অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এর আগে সেই ভাষণ মন্ত্রিসভায় অনুমোদন করা হবে এবং অধিবেশনজুড়ে সদস্যরা ভাষণের ওপর আলোচনা করবেন। এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় প্রথম দিনের বৈঠকে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হন। ফলে এবার সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সংসদের কার্যপ্রণালি বিধিতে এ ধরনের পরিস্থিতিতে অধিবেশনের সভাপতিত্বের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকলেও অতীতে জ্যেষ্ঠ সদস্যকে দায়িত্ব দিয়ে স্পিকার নির্বাচনের নজির রয়েছে। এবারও তেমন কোনো পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলে জানা গেছে। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব গ্রহণ করা হবে এবং পরে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হবে।