বগুড়ায় প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে কে হবেন বিএনপির প্রার্থী

বগুড়ায় প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে কে হবেন বিএনপির প্রার্থী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন একটি আসন ছেড়ে দেন তিনি। ফলে আসনটিতে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন - এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে।

বগুড়া-৬ আসন বিএনপির জন্য দীর্ঘদিন ধরে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে জয় পান। বিশেষ করে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

যদিও উপনির্বাচনের তফসিল এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন, তবে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা থেমে নেই। কেউ কেউ দাবি তুলেছেন - বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান কিংবা মেয়ে জাইমা রহমানকে প্রার্থী করা হোক। আবার স্থানীয় নেতাদের মধ্যেও কয়েকজনের নাম ঘুরে ফিরছে সম্ভাব্য প্রার্থী তালিকায়।

তাদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম। এছাড়া বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল) নামও শোনা যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। তফসিল ঘোষণার পরপরই যথাসময়ে দলের হাইকমান্ড থেকে প্রার্থিতার ঘোষণা দেওয়া হবে।

বগুড়া-৬ ও বগুড়া-৭ জিয়া পরিবারের আসন। অতীতে এই দুই আসনেই প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে বিপুল ভোটে দলের চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ, নাকি অন্য কোনো নেতা প্রার্থী হবেন, সেই সিদ্ধান্ত দেবেন দলের চেয়ারম্যান।’


সম্পর্কিত নিউজ