নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত আহত ১০

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত আহত ১০
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, MD Shafayet Ullah

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মুস্তাকিম মিয়া (১৪) নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে হানিফ মাস্টার এবং এরশাদ মিয়ার সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে অতীতেও নারীসহ আটজন নিহতের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে হামলা মামলা চলে আসছে।  

সেই পুরনো শত্রুতার জের ধরে বুধবার সকালে এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের সমর্থকদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় মুস্তাকিম গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে এলাকাবাসী হতবাক হয়ে পড়ে। 

এই সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, নিহত মুস্তাকিমের শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে, যা তার শরীর ভেদ করে বেরিয়ে গিয়েছিল।

নিহতের মা শাহানা বেগম আহাজারি করে জানান, তারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। সকালে ছেলেটি কেবল ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল, তখনই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, বর্তমানে এলাকায় যৌথ বাহিনীর টহল চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সম্পর্কিত নিউজ