চার দিনের লম্বা সরকারি ছুটি শুরু আজ

চার দিনের লম্বা সরকারি ছুটি শুরু আজ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা চার দিনের সরকারি ছুটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন কর্মস্থল থেকে বিরত থাকতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়। তবে এই ছুটি পরবর্তী সময়ে সুবিধাজনক কোনো সাপ্তাহিক ছুটির দিনে সমন্বয় করা যাবে। অর্থাৎ, মালিকপক্ষ চাইলে একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস হিসেবে ঘোষণা করতে পারবে - জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সংশ্লিষ্ট বিধিমালার ক্ষমতাবলে নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ছুটি দেওয়া হয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটির ঘোষণা দেওয়া হয়।

ভোট দিতে গ্রামের বাড়ি যেতে মঙ্গলবার রাজধানীর বাস, লঞ্চ ও রেলস্টেশনে যাত্রীদের ছিল উপচেপড়া ভিড়। অনেক যাত্রী জানিয়েছেন, ঈদের সময়েও এমন চাপ তারা খুব কম দেখেছেন। বুধবার সকাল থেকেও রাজধানী ছাড়ার মানুষের স্রোত অব্যাহত ছিল।

চার দিনের ছুটি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি (রোববার) থেকে আবার সরকারি অফিস-আদালতের কার্যক্রম শুরু হবে।
 


সম্পর্কিত নিউজ