{{ news.section.title }}
আবার বাড়ল সোনার দাম - এবার ভরি কত?
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হবে।
সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে ২১ ফেব্রুয়ারি সকাল ১০টা ১৫ মিনিট থেকে ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও মূল্য বৃদ্ধি করা হলো।
নতুন দরে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার ভরি ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা ঠিক করা হয়েছে।
২১ ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী ২১ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দরেই সোনা বিক্রি হয়েছে।
তবে সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকা আগের দামেই বহাল রয়েছে।