সংকটাপন্ন অবস্থায় মির্জা আব্বাস, নেওয়া হলো যে সীদ্ধান্ত

সংকটাপন্ন অবস্থায় মির্জা আব্বাস, নেওয়া হলো যে সীদ্ধান্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ঢাকা-৮ আসনের সাংসদ মির্জা আব্বাস গুরুতর অসুস্থ অবস্থায় ১১ মার্চ গভীর রাতে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। একদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ সিঙ্গাপুরে নেওয়ার কথা থাকলেও হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে ওটিতে নেওয়া হয়েছে।

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। এরই মধ্যে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে।  ডা.রফিকুল ইসলাম আরো বলেন, এর আগে সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে এ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এর আগে আজ শুক্রবার জুমার নামাজের পর মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন– মির্জা আব্বাসের সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকগণ। এদিকে, আজ শুক্রবার সকালে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে এয়ারকেয়ারের অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাঁকে ভর্তি করানো হবে। গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


সম্পর্কিত নিউজ