দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েক দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েক দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
ছবির ক্যাপশান, ৫ দিনে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা।

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন আবহাওয়া কিছুটা অস্থির থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অফিস।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিধি কিছুটা বাড়তে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। ওই সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও দু-এক জায়গায় এমন আবহাওয়া হতে পারে। এ সময় দেশের দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এরপর রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে পুরোপুরি থেমে যাবে এমন নয়। রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। অন্যদিকে রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও এমন পরিস্থিতি দেখা দিতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মঙ্গলবার ও বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট-এই আট বিভাগের দু-এক জায়গায় এমন আবহাওয়া দেখা যেতে পারে।

তাপমাত্রার ক্ষেত্রে মঙ্গলবার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বুধবার থেকে আবারও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


সম্পর্কিত নিউজ