{{ news.section.title }}
হাসনাত যদি দুইটা ভোট পায়, একটা আমার একটা হাসনাতের
নির্বাচন শেষ হওয়ায় দেড়মাস পরে নির্বাচনকালীন স্মৃতিকে তরতাজা করলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ্। নির্বাচনের সময় হাসনাত আব্দুল্লাহকে ভোট দিতে নিষেধ করেছিলো বিএনপির লোকজন। সেই সময় হাসনাত আব্দুল্লাহর পক্ষ নিয়ে বক্তব্য দেন মনির মেম্বার। সেই মনির মেম্বারের সাথে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ। আজ হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান। হাসনাত আব্দুল্লাহর পোস্টটি তুলে ধরা হলো:
ভদ্রলোকের নাম মনির মেম্বার। বড় শালঘর ইউনিয়নে বাড়ি। আমি যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন একটা ভিডিও সামনে আসে। ভিডিওতে দেখি, এই মনির সাহেবকে অন্য একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তি বোঝাচ্ছে,'হাসনাতের দল করে লাভ কী? হাসনাত তো কেন্দ্রে এজেন্টও দিতে পারবে না। ওর দল করা ছেড়ে দেন।' উত্তরে মনির মেম্বার জানান, "যদি হাসনাত দুইটা ভোট পায়, তাহলে একটা হাসনাতের নিজের আর একটা আমার। যদি একটা ভোটও পায়, সেটাও হবে মনির মেম্বারের।"
এই ঘটনার পর মনির মেম্বারের সঙ্গে আমার পরিচয় হয়। ভোট জেতার পর কাল তাকে জিজ্ঞাসা করলাম “দেখা করতে আসলেন না কেন?” মনির মেম্বার বললেন, "খেলোয়াড় ট্রফি দেখতে আসে না। খেলোয়াড় ট্রফি জিততে আসে। আমাদের জেতা শেষ, আমরা এখন পরের ম্যাচের ট্রফি জেতার প্রস্তুতি নিচ্ছি, যাতে দর্শক দেখতে পারে।"
মনির মেম্বার আরো বলেন, আবার যখন আপনার দরকার পড়বে, আপনাকে আমাদের খুঁজতে হবে না। মাঠে যদি একজন মানুষও আপনার পাশে দাঁড়িয়ে থাকে, বুঝবেন, এই মনির মেম্বার তখনও সেই একই জায়গাতেই আছে। এইসব মনির মেম্বাররা যারা অনুচ্চারিত, ছোট, নিরব; তবু পথ চিনিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, যারা কোনোরূপ ঘোষণা ছাড়া, দাবি ছাড়া পাশে এসে দাঁড়িয়েছেন,যাঁরা পৃথিবীর ভিড়ভাট্টা, স্বার্থের ওঠানামার বাইরে গিয়ে, প্রয়োজনে নিঃশব্দে পাশে দাঁড়িয়ে থেকে আমাদের জেতালেন,তাঁদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা।
১ লাখ ৭২ হাজার ভোট পেয়ে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার। এই সংসদীয় আসনের ১১৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে কোনো কেন্দ্রেই হারেননি হাসনাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও ভোটের মাঠে হাসনাতের দাপটের কাছে সুবিধা করতে পারেননি।