{{ news.section.title }}
দৌলতদিয়ায় বাসডুবি, নিহতদের নাম-পরিচয় প্রকাশ
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও পুরুষ-সব বয়সী মানুষ রয়েছেন, যা দুর্ঘটনার ভয়াবহতাকে আরও গভীরভাবে তুলে ধরেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ করেই পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে, অনেক যাত্রী আত্মরক্ষার সুযোগ পাননি।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ব্যাপক উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। ডুবুরি দল নদীর তলদেশে তল্লাশি চালিয়ে একে একে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে বাসটিও উদ্ধার করা হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, “উদ্ধারকারী জাহাজ হামজা ও মানিকগঞ্জের ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করে। বাসটি রাতে উদ্ধার করা হয়। সকাল থেকে এখন পর্যন্ত ডুবরী দল ৩টি মরদেহ উদ্ধার করেছেন।”
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মরদেহের অধিকাংশই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি মরদেহগুলো শনাক্তকরণ শেষে হস্তান্তর করা হবে।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসে। ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৪টি মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাকী মরদেহ তাদের পরিবার আসলে হস্তান্তর করা হবে।”
নিহতদের তালিকা নিচে দেওয়া হলো-
১. উজ্জ্বল শেখ (২৬)
২. জাহাঙ্গীর (৫৫)
৩. আশরাফুল শেখ (২৪)
৪. রেহেনা আক্তার (৬১)
৫. মর্জিনা খাতুন (৫৬)
৬. রাজীব বিশ্বাস (২৮)
৭. জহুরা অন্তি (২৭)
৮. কাজী সাইফ (৩০)
৯. মর্জিনা আক্তার (৩২)
১০. সাফিয়া আক্তার রিন্থি (১২)
১১. ইস্রাফিল (৩)
১২. ফাইজ শাহানূর (১১)
১৩. তাজবিদ (৭)
১৪. আরমান খান (৩১)
১৫. নাজমিরা ওরফে জেসমিন (৩০)
১৬. লিমা আক্তার (২৬)
১৭. জোস্ন্যা (৩৫)
১৮. মুক্তা খানম (৩৮)
১৯. নাছিমা (৪০)
২০. আয়েশা আক্তার সুমা (৩০)
২১. সোহা আক্তার (১১)
২২. আয়েশা সিদ্দিকা (১৩)
২৩. আরমান (৭ মাস)
২৪. আব্দুর রহমান (৬)
২৫. সাবিত হাসান (৮)
২৬. আহনাফ তাহমিদ খান (২৫)
এছাড়া আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।