{{ news.section.title }}
মালয়েশিয়া থেকে এলো বড় ডিজেল চালান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হলেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজের আগমন অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল বহনকারী ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, পানামার পতাকাবাহী জাহাজটি মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাত ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে। এর আগে সোমবার (৩০ মার্চ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও জাহাজটির আগমনের বিষয়টি নিশ্চিত করে জানায়, মালয়েশিয়া থেকে রওনা হওয়া এই ডিজেলবাহী জাহাজটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাইটার জাহাজের মাধ্যমে ডিজেল খালাসের কাজ শুরু হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতেও ভেড়ানো হতে পারে। সেখান থেকেই জ্বালানি খালাস কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রাখা হয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, আগামী ৪ এপ্রিল প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে পারে। এতে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরও গতি আসবে বলে সংশ্লিষ্টদের আশা।
চট্টগ্রাম বন্দর সূত্র অনুযায়ী, গত এক মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ বন্দরে ভিড়েছে। এর মধ্যে ১৫টি জাহাজ জ্বালানি তেল, ৮টি জাহাজ এলএনজি এবং ৯টি জাহাজ এলপিজি নিয়ে এসেছে। ধারাবাহিক এই জাহাজ আগমন দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।