{{ news.section.title }}
যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তি নম্বর-৩ অনুযায়ী ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এসে পৌঁছেছে। ‘এমভি এম পি আলট্রা ম্যাক্স-২’ নামের জাহাজটি বুধবার (১ এপ্রিল) সকালে বন্দরে আসে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত এই গম দেশে খাদ্য মজুত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে সরকার টু সরকার (জি টু জি) চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ টন গম দেশে এসেছে।
বর্তমানে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাস প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমদানিকৃত মোট ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে, আর বাকি ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে নেওয়া হবে।
খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে জি টু জি ভিত্তিতে গম আমদানির কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে এবং পূর্বের দুটি চুক্তির আওতায় আমদানিকৃত সব গম দেশে পৌঁছেছে। এর মধ্যে জি টু জি-০১ চুক্তির অধীনে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি টু জি-০২ চুক্তির আওতায় ২ লাখ ৩০ হাজার ৩৯ টন—মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম আমদানি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দেশে বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে দেশীয় উৎপাদন হয় আনুমানিক ১০ লাখ মেট্রিক টন। ফলে চাহিদার বড় একটি অংশ পূরণে সরকার ও বেসরকারি খাতকে বিদেশ থেকে গম আমদানির ওপর নির্ভর করতে হয়।