কেন মুফতি আমির হামজাকে পাঠানো হলো লিগ্যাল নোটিশ?

কেন মুফতি আমির হামজাকে পাঠানো হলো লিগ্যাল নোটিশ?
ছবির ক্যাপশান, মুফতি আমির হামজা | ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাকে দেওয়া ‘৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব’ কারা দিয়েছিল, তা জনসম্মুখে প্রকাশের দাবিতেই এই নোটিশ দেওয়া হয়।

বুধবার (১ এপ্রিল) জেলা জজকোর্টের বিএনপিপন্থি আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে হৃদয় হাসান নামের এক ব্যক্তি এ নোটিশ পাঠান। এতে আগামী ৭ দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় প্রকাশ অথবা তাদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন জনসভায় আমির হামজা দাবি করেছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার বিনিময়ে মাত্র তিন দিনের মধ্যে তাকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন, ‘পুরো কুষ্টিয়া লিখে দিলেও’ তাকে তার অবস্থান থেকে সরানো সম্ভব নয়। তার এই বক্তব্য গত ফেব্রুয়ারি মাসে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় আইন ও শরীয়াহ আইন—উভয় দৃষ্টিকোণ থেকেই ঘুষ দেওয়া এবং নেওয়া সমান অপরাধ। সে ক্ষেত্রে এত বড় অঙ্কের ঘুষ প্রস্তাবের বিষয়টি প্রকাশ করলেও প্রস্তাবদাতাদের নাম গোপন রাখা বা তাদের আইনের আওতায় না আনা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। এতে অপরাধীদের আড়াল করার শামিল হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

আইনজীবী আব্দুল মজিদ বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থানের প্রেক্ষাপটে একজন সংসদ সদস্য হিসেবে এমন গুরুতর অভিযোগের পরও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করা গ্রহণযোগ্য নয়। তিনি জানান, কুষ্টিয়াবাসীর স্বার্থ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে বিষয়টি স্পষ্ট করার জন্য নোটিশে আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এই আহ্বানে সাড়া না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত নিউজ