{{ news.section.title }}
ব্যাংক-অফিসে নতুন সময়সূচি, কার্যকর আজ থেকে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ রোববার থেকে অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর আগে স্বাভাবিক সময়ে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা ইতোমধ্যে শুক্রবার (৩ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
তবে জরুরি পরিষেবাগুলো এই নতুন সময়সূচির বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট খাত।
আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে। আর বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণ করা হবে শ্রম আইন অনুযায়ী, যা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হবে।
এদিকে বাংলাদেশ ব্যাংকও নতুন অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে ব্যাংকিং কার্যক্রমে পরিবর্তন এনেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্র ও শনিবার আগের মতোই বহাল থাকবে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো আগের মতোই ২৪ ঘণ্টা চালু থাকবে।
অন্যদিকে দোকান ও শপিং মল দ্রুত বন্ধের নির্দেশনা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কিছু অসন্তোষ দেখা দিয়েছে। রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে এক বৈঠকে ব্যবসায়ী নেতারা রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানান।
তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সন্ধ্যা ৬টার মধ্যেই দোকানপাট বন্ধ রাখতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে।