দোকানপাট ও শপিংমলের জন্য নতুন সময়সীমা

দোকানপাট ও শপিংমলের জন্য নতুন সময়সীমা
ছবির ক্যাপশান, দোকানপাট ও শপিংমলের জন্য নতুন সময়সীমা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়সীমা শিথিল করে দোকানপাট, শপিংমল ও বিপণিবিতান খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেখানে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা ছিল, এখন তা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তিন মাসের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল মজুদ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুদ রয়েছে, যা দিয়ে অন্তত তিন মাসের চাহিদা পূরণ সম্ভব।

তিনি বলেন, এপ্রিল মাসে যে পরিমাণ জ্বালানি তেলের প্রয়োজন, তা মেটানোর মতো প্রস্তুতি সরকারের রয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে জ্বালানি ঘাটতির আশঙ্কা নেই।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার পর দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে এ সিদ্ধান্তে ব্যবসায়ীরা আপত্তি জানিয়ে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালানোর সুযোগ চেয়ে সরকারের কাছে আবেদন করেন। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সেই আবেদনের প্রেক্ষিতেই সময়সীমা পুনর্বিবেচনা করে এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত একদিকে যেমন জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য আংশিকভাবে বজায় রাখবে, অন্যদিকে ব্যবসায়ীদের ক্ষতিও কিছুটা কমাবে।


সম্পর্কিত নিউজ