{{ news.section.title }}
১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ঢাকাসহ দেশের ১৫ জেলায় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়ে এমন আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
সংশ্লিষ্টরা বলছেন, এই সময়টাতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনে ঝড়ের সময় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।