ঢাকার সব বাস কাউন্টার সরানোর নির্দেশ ডিএমপির

ঢাকার সব বাস কাউন্টার সরানোর নির্দেশ ডিএমপির
ছবির ক্যাপশান, ঢাকার সব বাস কাউন্টার সরানোর নির্দেশ ডিএমপির

ঢাকা মহানগরের ভেতরে আন্তঃজেলা নাইট কোচের কাউন্টার পরিচালনায় নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ-এই তিনটি নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য কোনো স্থানে থাকা আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার আগামী সাত কার্যদিবসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার কাউন্টার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বা রুট পারমিটবিহীন আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণ করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, অনুমোদনহীন বা অবৈধভাবে এসব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার স্থাপন ও পরিচালনা, পার্কিং, যাত্রী ওঠা-নামা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের কারণে মহানগরে অন্যান্য যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে রাতের সময়েও রাজধানীতে ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, গণবিজ্ঞপ্তি জারির সাত কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা ছাড়া অন্য কোনো স্থানে এ ধরনের কার্যক্রম চালানো যাবে না। পাশাপাশি মহানগরের বিভিন্ন এলাকায় বর্তমানে যেসব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট সবাইকে নিজ উদ্যোগে অপসারণ বা উচ্ছেদ করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা মানা না হলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৭, ৪৭, ৮২ ও ৯০ ধারাসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনের আওতায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল বা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং সংশ্লিষ্ট মালামাল জব্দসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত নিউজ