{{ news.section.title }}
সারা দেশে হামের টিকাদানের নতুন তারিখ ঘোষণা
সারা দেশে হামের টিকাদান কর্মসূচির নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। পাশাপাশি ৩ মে থেকে সারাদেশে একযোগে শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময়সূচি এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই সারাদেশে টিকাদান শুরু করা হবে।
তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ২ কোটি ১৯ লাখ ডোজ হামের টিকা মজুত রয়েছে। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হওয়ায় টিকাদান কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শুরু করা সম্ভব হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অতীতের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে টিকা কার্যক্রমে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছে এবং এখন টিকা নিয়ে কোনো সংকট নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, দুর্নীতি ও দীর্ঘসূত্রতা এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের করোনাকালীন অব্যবহৃত তহবিল ব্যবহার করে ইউনিসেফের সহযোগিতায় দ্রুত হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতে এবং মৃত্যুহার সম্পর্কে সচেতন থাকার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, দেশে হামের সংক্রমণ মোকাবিলায় ইতোমধ্যে ৫ এপ্রিল থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।