{{ news.section.title }}
কক্সবাজারে ভোটের প্রচারণায় এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুইজন রোহিঙ্গা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০৪ (পুরাতন ব্লক-ডি/০৬) এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। রাত পোহালেই দেশে নির্বাচন এই সময় এমন ঘটনা মঙ্গলজনক নয় বলে জনগণ বলছে। দেশোর পরিস্থিতি আরো সহিংস করে তুলতে পারে বলে অনেকে ধারণা করছে।
গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন—আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/৪-এর নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত বাংলাদেশিরা হলেন—হ্নীলা আলীখালী এলাকার ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) এবং নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলিতে পাঁচজন আহত হয়েছেন। কারা গুলি করেছে, তা তদন্ত শেষে জানা যাবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে প্রচারণা চলছিল। এ সময় সেখানে লোকজন জড়ো হলে হঠাৎ একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হন।
আলীখালী এলাকার বাসিন্দা মো. আব্দুল হামিদ বলেন, প্রচারণার ডাম্পার গাড়িতে গান-বাজনা চলার সময় আশপাশে মানুষ জড়ো হয়। এরপর হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে এক শিশুসহ পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা জড়ো হয়। সে সময় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও জানা যায়নি। আসামীদের ধরার চেষ্টা চলছে বলে জানান পুলিশ।