চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ছবির ক্যাপশান, ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতা দিবসের ভোরে কক্সবাজারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজারসংলগ্ন ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি বাস পেছন থেকে মোটরসাইকেল ও একটি ট্রাককে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত দুজনই ঢাকার উত্তরখান উপজেলার আটিপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন-শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। জানা গেছে, স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে তারা বন্ধু ও স্বজনদের সঙ্গে কক্সবাজারে ভ্রমণে যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫) দ্রুতগতিতে চলার সময় একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীসহ তিনজন গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের দুই আরোহীকে মৃত ঘোষণা করেন।

ওসি আরিফুল আমিন আরও জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত নিউজ