{{ news.section.title }}
নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম সরকার (৫০)।
তিনি চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের হাজী মঙ্গল মিয়ার ছেলে এবং কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে চরমধুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। এ সময় আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। রফিকুলের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা জানান, রফিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং তাঁর পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।নিহতের ভাই মোস্তাকিম অভিযোগ করে বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে রফিকুল ইসলামের পূর্ব থেকে মতবিরোধ ছিল।
সেই বিরোধের জের ধরেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। রায়পুরা থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক বা পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।