মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ প্রাণ গেল ৩ জনের

মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ প্রাণ গেল ৩ জনের
ছবির ক্যাপশান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিনজন। নিহতদের মধ্যে রয়েছেন মাইক্রোবাসের চালক ও দুই নারী যাত্রী। এ ঘটনায় আরও ৯ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলা, বগুড়ার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে রয়েছেন ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবোঝাই মাইক্রোবাসটি ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ করে গাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গাড়িটি আগুনে পুড়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা যাত্রীদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল। এতে চালক ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সম্পর্কিত নিউজ