৪০ বছর ইমামতির শেষ দিনে রাজকীয় বিদায়

৪০ বছর ইমামতির শেষ দিনে রাজকীয় বিদায়
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার উত্তর দর্জিপাড়া জামে মসজিদে দীর্ঘ ৪০ বছর ইমামতির দায়িত্ব পালনের পর রাজকীয় বিদায় পেলেন মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। এলাকাবাসী ও মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে তাকে ফুলে সাজানো ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল বহরের মাধ্যমে মসজিদ থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয় এই আবেগঘন বিদায় অনুষ্ঠান। ৭৫ বছর বয়সী মাওলানা আব্দুস সালাম ১৯৮৬ সাল থেকে উত্তর দর্জিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ আয়োজন করে মসজিদ কর্তৃপক্ষ ।

বিদায়ের দিনে সকালে তাকে একটি সুসজ্জিত প্রাইভেট কারে করে শেষবারের মতো মসজিদে আনা হয়। পথে ও মসজিদ প্রাঙ্গণে শিশুদের ফুল ছিটানোর মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়। জোহরের নামাজ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানের এক পর্যায়ে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা হিসেবে তাকে নগদ এক লক্ষ টাকা এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। মধ্যাহ্নভোজ শেষে যখন তাকে সাজানো ঘোড়ার গাড়িতে তোলা হয়, তখন উপস্থিত মুসল্লি ও গ্রামবাসীর মধ্যে আবেগ ছড়িয়ে পড়ে। এ সময় অনেককেই চোখের পানি ধরে রাখতে পারেনি।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ বলেন, “চার দশক ধরে তিনি আমাদের ধর্মীয় ও নৈতিক দিকনির্দেশনা দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই সামান্য আয়োজন।”

বিদায়ী ইমাম মাওলানা আব্দুস সালাম বলেন, “আমি সবসময় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই দায়িত্ব পালন করেছি। আপনারা যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।”

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন, শিশু স্বর্গের পরিচালক কবির আহমেদ আকন্দ, মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নানসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।


সম্পর্কিত নিউজ