{{ news.section.title }}
মঙ্গলবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাইসহ জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রমের কারণে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়জুড়ে এসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়তে হবে গ্রাহকদের।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাভুক্ত একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই সময়ে গাছ কাটাসহ লাইনের জরুরি সংস্কার ও সংরক্ষণমূলক কাজ সম্পন্ন করা হবে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে-তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহ।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করা সম্ভব হয়, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাটডাউন চলাকালে সংশ্লিষ্ট লাইনগুলোকে সচল হিসেবে বিবেচনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হতে পারে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩। পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।