আলিবাবা ডটকমের যাত্রা এবার চট্টগ্রামে

আলিবাবা ডটকমের যাত্রা এবার চট্টগ্রামে
ছবির ক্যাপশান, আলিবাবা ডটকমের অনুমোদিত চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড করপোরেশন এখন চট্টগ্রামে

বাংলাদেশের ব্যবসায়ীদের বৈশ্বিক বাজারে আরও সহজে প্রবেশের সুযোগ তৈরি করতে চট্টগ্রামে নতুন অফিস চালু করেছে আলিবাবা ডটকমের অনুমোদিত চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড করপোরেশন। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ দেশের রপ্তানি খাত, ডিজিটাল বাণিজ্য এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আলিবাবা ডটকম এবং স্প্রিংফিল্ড করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিবাবা ডটকমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার সামার, গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র স্পেশালিস্ট ভানিয়া, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ব্রাইস, সার্ভিস ও অ্যাকাউন্ট ম্যানেজার টিনা এবং বাংলাদেশ চ্যানেল ম্যানেজার সনোবার মায়রা। এছাড়া স্প্রিংফিল্ড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম, নির্বাহী পরিচালক শান শাহেদ, পরামর্শক সাজিদ বিন সুলাইমান, ডেপুটি জেনারেল ম্যানেজার রেজবী করিম ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার উম্মা রোকেয়া নিশাসহ দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই অফিসের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারক, উৎপাদক, সরবরাহকারী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আলিবাবা ডটকমের বৈশ্বিক বিজনেস-টু-বিজনেস (B2B) প্ল্যাটফর্মে যুক্ত হতে সহায়তা করা হবে।

 

বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে ব্যবসায়িক সংযোগ রয়েছে আলিবাবা ডটকমের। ফলে বাংলাদেশের উদ্যোক্তারা এখন আরও কার্যকরভাবে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নিজেদের পণ্য ও সেবা উপস্থাপনের সুযোগ পাবেন। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

 

প্রাথমিকভাবে টেক্সটাইল ও অ্যাপারেল খাতকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনা করা হলেও ভবিষ্যতে পাট, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, হস্তশিল্প এবং অন্যান্য রপ্তানিমুখী শিল্পখাতেও সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।

 

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল বাণিজ্য আন্তর্জাতিক ব্যবসার অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই বাংলাদেশি উদ্যোক্তাদেরও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক প্ল্যাটফর্ম ব্যবহার করে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে হবে।

 

চট্টগ্রাম দেশের প্রধান সমুদ্রবন্দরনগরী হওয়ায় এখানকার ব্যবসায়ী ও রপ্তানিকারকদের জন্য এই অফিস বিশেষ সুবিধা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে স্থানীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে দ্রুত যোগাযোগ স্থাপন, নতুন ক্রেতা খুঁজে পাওয়া এবং রপ্তানি সম্প্রসারণে বাড়তি সহায়তা পাবে।
 


সম্পর্কিত নিউজ