আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো এক মাস

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো এক মাস
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

৩১ জানুয়ারি সময় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচন ও গণভোটের বিবেচনায় ব্যক্তিশ্রেণি করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আয়কর রিটার্ন দাখিলের সময় পুনঃনির্ধারণ করে আদেশ জারি করে এনবিআর।
সময় বৃদ্ধির জন্য ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবে।
এর আগে দুই দফায় এক মাস করে আয়কর রিটার্ন জমার সময় বৃদ্ধি করে রাজস্ব বোর্ড।
আয়কর রিটার্ন জমার শেষ সময় সাধারণত ৩০ নভেম্বর কিন্তু প্রতিবছর করদাতাদের সুবিদার্থে এনবিআর একাধিকবার রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে। এ বছর বিশেষ পরিস্থিতি বিবেচনায় তিন দফায় তিন মাস সময় বৃদ্ধি করা হলো।

বর্তমানে দেশে ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। কিছু ব্যতিক্রম ছাড়া এবার থেকে সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৩৪ লাখ টিআইএনধারী রিটার্ন জমা করেছেন।

৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কর জমার বাধ্যবাধকতার বাহিরে। তবে তারা ইচ্ছা করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। করদাতার পক্ষে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এ বছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।

এ ছাড়া, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারাও সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।
তারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে পাঠিয়ে আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠানো হয়। ফলে বিদেশে অবস্থান করলেও তারা খুব সহজে সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছে ও কর দাখিল করতে পারছে।


সম্পর্কিত নিউজ