{{ news.section.title }}
আরও ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে অতিরিক্ত ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তিনটি পৃথক প্রস্তাব কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উত্থাপন করা হয় এবং সংশ্লিষ্ট কমিটি সেগুলো নীতিগতভাবে অনুমোদন দেয়।
এদিকে, দেশের টিকাদান কর্মসূচি জোরদার করতে ইপিআই-এর আওতায় মাঠ পর্যায়ে টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফ-এর মাধ্যমে টিকা কেনার প্রস্তাবেও নীতিগত সম্মতি দেওয়া হয়েছে।
এর আগে, গত শনিবার (৪ এপ্রিল) জরুরি প্রয়োজন বিবেচনায় সরকারি ছুটির দিনেও সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল।