বিশ্ববিদ্যালয়ের নাম একবার পরিবর্তনের পর ফের পাল্টানোর দাবি, রেললাইন অবরোধ

বিশ্ববিদ্যালয়ের নাম একবার পরিবর্তনের পর ফের পাল্টানোর দাবি, রেললাইন অবরোধ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) এর নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করতে হবে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামকরণ করার দাবি জানিয়ে আসছেন।

সম্প্রতি এই দাবিতে কয়েক দিন ধরে তারা মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গত শনিবার দুপুরে শিক্ষার্থীরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মানবন্ধন করেন।

সকাল সোয়া ৯টার দিকে কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেন। এ সময় সেখানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ওই ট্রেনে কয়েকজন রোগী ছিলেন। তাঁদের স্বজনদের অনুরোধে শিক্ষার্থীরা পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেয়। তবে শিক্ষার্থীরা রেললাইনের ওপর বসে অবরোধ সৃষ্টি করে রেখেছেন।

এ বিষয়ে হাইটেক স্টেশনের টিকিট বুকিং কর্মকর্তা মো. আলম বলেন, জয়দেবপুর-যমুনা রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে মৌচাক স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি থেমে আছে। এতে যাত্রীরা দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন।

রেল কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, রেললাইন অবরোধের কারণে , ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনে, জয়দেবপুর জংশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস, টাঙ্গাইলের মহেড়া স্টেশনে  ঢাকাগামী চাপাই মেইল ও গাজীপুরের মৌচাক স্টেশনে বুড়িমারিগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেমে আছে।
 

সম্পর্কিত নিউজ