৫০ তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫, ফলাফল দেখুন এখানে

৫০ তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫, ফলাফল দেখুন এখানে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী, এ পরীক্ষায় মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ এসব প্রার্থী আগামী ধাপে অর্থাৎ ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রার্থী। পিএসসি সূত্র জানায়, পরীক্ষা গ্রহণের পর দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে শুরু থেকেই কমিশন নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব গ্রহণের পর বিসিএসের পুরো নিয়োগ প্রক্রিয়া ১২ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেন। সেই রোডম্যাপ অনুসারে আধুনিক ওএমআর প্রযুক্তির মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন শেষ করে স্বল্প সময়ের মধ্যেই প্রিলিমিনারির ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। কমিশন বলছে, মেধাবী প্রার্থীদের দ্রুত রাষ্ট্রীয় সেবায় যুক্ত করাই তাদের মূল উদ্দেশ্য।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চলমান। ক্যাডারগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বাধিক ৬৫০টি পদ রয়েছে। পাশাপাশি প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারসহ অন্যান্য ক্যাডারেও উল্লেখযোগ্যসংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করেও ফল জানার সুযোগ রয়েছে। লিখিত পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নির্দেশনা শিগগিরই কমিশনের ওয়েবসাইট এবং আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।


ফলাফল দেখতে এখানে ক্লিক করুন


সম্পর্কিত নিউজ