প্রশাসনে বদলি সিন্ডিকেট? তদন্তের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

প্রশাসনে বদলি সিন্ডিকেট? তদন্তের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শিক্ষাখাতে শৃঙ্খলা ফেরাতে কাজের ভিত্তিতে মূল্যায়ন, পুরস্কার ও শাস্তির ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, অতীতের অনিয়ম, দুর্নীতি ও বদলি-বাণিজ্যের অভিযোগগুলো নিরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে এবং প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে অটোমেশনভিত্তিক অ্যাপ চালুর কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে কর্মদিবসের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও শিক্ষা সচিব রেহানা পারভীন।

ডিজিটাল শ্রেণিকক্ষ ও অনিয়মের তদন্ত

২০০৯ সাল থেকে শ্রেণিকক্ষ ডিজিটাল করতে বিপুল অর্থ ব্যয়ের পরও বাস্তবে অনেক স্থানে কাজ হয়নি - এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, শৃঙ্খলা প্রতিষ্ঠায় জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, বিগত সময়ে যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বদলি-বাণিজ্য রোধে অটোমেশন

নির্বাচনের আগে ও নির্বাচনকালীন সময়েও ব্যাপক বদলির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া বদলি হলে তা অনিয়মের শামিল। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এখানে তিনি নির্বাচন কমিশন–এর বিধিবিধান অনুসরণের কথা উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, বদলি প্রক্রিয়ায় তদবির ও বাণিজ্য ঠেকাতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা হবে। একটি অ্যাপের মাধ্যমে কার বদলির সম্ভাবনা, কর্মদক্ষতা ও ফলাফলের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এতে করে ব্যক্তিগত প্রভাব বা অনৈতিক লেনদেনের সুযোগ থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

নকলবিরোধী অবস্থান

পরীক্ষায় নকল প্রসঙ্গে তিনি বলেন, চারদলীয় জোট সরকারের সময়ে নকল শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে নকল আবার ফিরে এসেছে বলে দাবি করেন তিনি। তবে এবার আলাদা করে নকলবিরোধী অভিযান চালানোর প্রয়োজন হবে না বলেই আশাবাদ ব্যক্ত করেন।

এনটিআরসিএ ও নতুন স্কুল অনুমোদন

শিক্ষক নিয়োগ ও নিবন্ধন সংস্থা এনটিআরসিএ–এর কার্যক্রমও নিবিড়ভাবে মনিটরিংয়ের আওতায় আনার কথা জানান শিক্ষামন্ত্রী। অযাচিত হস্তক্ষেপ বন্ধ করে একটি আলাদা সেল গঠন করা হবে, যাতে কেউ অনিয়ম করে পার না পায়। পাশাপাশি নতুন স্কুল অনুমোদনের ক্ষেত্রেও কঠোর যাচাই-বাছাইয়ের কথা বলেন তিনি।

বই বিতরণ নিয়ে আশ্বাস

পাঠ্যবই বিতরণ প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন, অতীতে দায়িত্বে থাকাকালে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হয়েছিল এবং এবারও সে অভিজ্ঞতা কাজে লাগানো হবে। বই বিতরণে কোনো জটিলতা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

সবশেষে বদলি-বাণিজ্য নিয়ে তিনি বলেন, এখন থেকে বদলির নামে কোনো বাণিজ্য বরদাস্ত করা হবে না। কোথাও এমন অভিযোগ বা সম্ভাবনার তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত নিউজ