দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন জরুরি নির্দেশ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন জরুরি নির্দেশ
ছবির ক্যাপশান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন জরুরি নির্দেশ

সারা দেশের বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আরও জোরদার করতে অবসরপ্রাপ্ত এবং শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী ওই তালিকা থেকে শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিটি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট এবং এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে বিলম্বের কারণে অনেক জায়গায় শ্রেণিকক্ষের পাঠদান ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি শিক্ষক পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখা এবং গুণগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদনের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠন করতে হবে।

এ জন্য উপজেলাভিত্তিক অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি তালিকা তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট উপজেলার ইউএনওর পরামর্শক্রমে এবং প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অনুমোদন নিয়ে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে ওই পুল থেকে শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হবে।

এ ছাড়া এসব শিক্ষকের সম্মানী প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে বহন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককেও অনুরোধ করা হয়েছে।


সম্পর্কিত নিউজ