জাবিতে "আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াঃ জীবন ও কর্ম" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাবিতে "আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াঃ জীবন ও কর্ম" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১জানুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে বিকাল ২টা পর্যন্ত সভাটি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. এম আব্দুর রব, এবং প্রক্টর ড. এ. কে. এম. রাশেদুল আলম সহ অন্যান্য শিক্ষক, শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও, জাকসৃ নেতৃবৃন্দ ও বিভিন্ন দলের নেতা–কর্মীরাও অংশগ্রহণ করেন। 


আলোচনা সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম. মাহফুজুর রহমান বলেন, “একজন গৃহবধূ থেকে রাজনীতিতে এসে বেগম খালেদা জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। কেবল আলোচনা নয়, তাঁর দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করতে হবে। ‘বিদেশে বন্ধু আছে, প্রভু নেই’ এই নীতিকে পাথেয় করেই আমাদের আগামীর শপথ নিতে হবে।”

এছাড়াও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “১৯৮২ থেকে ২০২৫ সাল পর্যন্ত গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন সংগ্রাম অবিস্মরণীয়। জানাজায় লাখো মানুষের উপস্থিতিই প্রমাণ করে, তিনি দল-মতের ঊর্ধ্বে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।”

তিনি নতুন প্রজন্মের রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, “ভোটের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই বেগম জিয়ার দেখানো পথ সার্থক হবে।”

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “চরম নির্যাতন ও কারাবরণ করেও বেগম খালেদা জিয়া প্রতিশোধের বদলে মানবিক বাংলাদেশের ডাক দিয়ে মহত্ত্বের পরিচয় দিয়েছেন। ব্যক্তিগত সম্পদের মোহ ত্যাগ করে তিনি প্রমাণ করেছেন দেশই তার ঘর, যার প্রতিদান মিলেছে জানাজায় সাধারণ মানুষের জনসমুদ্রে।”

তিনি আরও বলেন,
“ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বেগম জিয়া মুক্ত হয়েছিলো এবং দেশ এক নতুন প্রেক্ষাপট পেয়েছে। নতুন প্রজন্মের রাজনীতিকদের উচিত তার এই আপসহীন চেতনা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে আগামীর পথে চলা।”

আলোচনা শেষে বক্তারা বেগম খালেদা জিয়ার দেশ এবং গণতন্ত্রের জন্য অবদানকে স্মরণ করে একটি আন্তর্জাতিক মানের রাজনৈতিক ও মানবিক নীতির গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।

সম্পর্কিত নিউজ